এসএমই খাতে উদ্ভাবনী সমাধানে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ডিআইইউ
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি কৌশলগত নলেজ পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ফ্ল্যাগশিপ এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় এ অংশীদারত্ব করা হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তি অনুযায়ী, এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞতা এবং ডিআইইউর একাডেমিক ও গবেষণা সক্ষমতাকে কাজে লাগিয়ে এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে প্রমাণভিত্তিক উদ্ভাবন, প্রভাব মূল্যায়ন, জ্ঞান বিনিময় এবং টেকসই সিএমএসএমই উন্নয়নে বাস্তবভিত্তিক সমাধান তৈরি করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিআইইউর পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির। অন্যদিকে ব্যাংকের পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; হেড অব কটেজ, মাইক্রো ও স্মল বিজনেস (ইউনিট ১) আলমগীর হোসেন এবং হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম।
অংশীদারত্ব প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আমরা শুধু এসএমই খাতে অর্থায়নেই সীমাবদ্ধ থাকতে চায়ই না, বরং জ্ঞান বিনিময় ও উদ্ভাবনে সহায়তার মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধান তৈরি করতে চাই।’ ডিআইইউর সঙ্গে এ অংশীদারত্ব দেশের তৃণমূল উদ্যোক্তা তৈরি ও এসএমই খাতে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ফিনোভিশন’ মূলত নারী উদ্যোক্তা উন্নয়ন, স্মার্ট কৃষি, জলবায়ু সহনশীলতা এবং কটেজ ও মাইক্রো এন্টারপ্রাইজের প্রাতিষ্ঠানিকীকরণ—এ চারটি কৌশলগত স্তম্ভের ভিত্তিতে সিএমএসএমই খাতের অগ্রগতি নিয়ে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে শক্তিশালী করতে উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাধান তৈরির লক্ষ্যেই এ প্লাটফর্ম চালু করা হয়েছে।


