শিরোনাম

South east bank ad

এক সপ্তাহ সময় বাড়ল ই-ভ্যাট রিটার্ন জমার

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

এক সপ্তাহ সময় বাড়ল ই-ভ্যাট রিটার্ন জমার

জানুয়ারি মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে মাসিক রিটার্ন দাখিল করা যাবে। রোববার রাতে রাজস্ব ভবন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় ও ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় জনস্বার্থে ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (১ক) এ প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানোর কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আইন অনুযায়ী প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে মাসিক রিটার্ন দাখিল করতে হয়। তবে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় মূল্য সংযোজন কর বা ভ্যাটের বিবরণী জমার দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ফলে সার্ভার জটিলতার কারণে যাতে কোনো করদাতা অযথা জরিমানার মুখে না পড়েন, সে জন্য সময় বৃদ্ধি করা হয়েছে।

এনবিআর সূত্র জানায়, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। বেশির ভাগ প্রতিষ্ঠানই রিটার্ন দেয় না।

BBS cable ad