১০ মাসে যশোর কর অঞ্চলে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ
মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল নবাগত এসব কর্মচারীর যোগ দেয়া উপলক্ষে এক বরণ অনুষ্ঠানের আয়োজন করে কর অঞ্চল যশোর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর কর অঞ্চলের কমিশনার মাসুদ রানা জানিয়েছেন, নানা রকম সীমাবদ্ধতা সত্ত্বেও সদ্যসমাপ্ত অর্থবছরের (২০২৫-২৬) ১০ মাসে এ অঞ্চলের মাধ্যমে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে।
শহরের মনিহার তালতলা মোড়ের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ।
মাসুদ রানা জানান, ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেষণে খুলনা কর অঞ্চলের ৩২ জন কর্মচারী নিয়ে যশোর কর অঞ্চলের যাত্রা শুরু হয়। যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলায় ২২টি সার্কেলের কার্যক্রম গত এক বছর এ স্বল্পসংখ্যক কর্মচারী দিয়ে পরিচালনা করতে গিয়ে নানা রকম সংকট মোকাবেলা করতে হয়েছে। নানা রকম সীমাবদ্ধতা সত্ত্বেও সদ্যসমাপ্ত অর্থবছরের ১০ মাসে যশোর কর অঞ্চলের মাধ্যমে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে।


