সাভারে জমি কিনবে ডাচ্-বাংলা ব্যাংক
ব্যাংক খাতের তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য সাভারে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২৫ আগস্ট অনুষ্ঠিত ৩১১তম সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার সাভার থানার বাইপাইল মৌজায় ১৬ দশমিক ৬০ শতক জমি কিনবে ডাচ্-বাংলা ব্যাংক।
জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে সরকারি নিবন্ধন ফি ও অন্যান্য প্রাসঙ্গিক খরচ যুক্ত হবে। তবে জমি কেনার সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে ব্যাংকটি।
এছাড়া একই সভায় ব্যাংকটির অনুমোদিত মূলধন বাড়ানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারা ও অনুচ্ছেদগুলো বিশেষ প্রস্তাবের মাধ্যমে সংশোধনের সিদ্ধান্তও অনুমোদন করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ব্যাংকটির পঞ্চম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর। এছাড়া এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) প্রযোজ্য হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৯৮ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ৪ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ১৪ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৭২ পয়সায়।
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসিঙ্গক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের বর্তমান অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৫ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬ হাজার ৭ কোটি ৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০১ কোটি ৫০ লাখ ৩৬ হাজার ১৯৫। এর ৮৩ দশমিক ৫৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৪৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।


