জনতা ব্যাংকে নতুন তিন পরিচালক নিয়োগ
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন নতুন পরিচালক মনোনয়ন দিয়েছে সরকার।
রবিবার (৩০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের মনোনয়নের বিষয়টি জানানো হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
নতুন মনোনীতরা হলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খন্দকার মামুন এফসিএ এবং গ্রেড-১ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাদের নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মনোনীত তিন পরিচালকই যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে তাদের পরিচালক হিসেবে যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।


