ঊর্ধ্বমুখী প্রবণতায় বছর শুরু করল মূল্যবান ধাতুর বাজার
বিশ্ববাজারে ২০২৫ সালে মূল্যবান ধাতুর দামে রেকর্ড উত্থান দেখা গেছে। নতুন বছরের শুরুতেও এ ধারা অব্যাহত আছে। নববর্ষের ছুটি শেষে গতকাল মূল্যবান ধাতুর বাজার শুরু হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভূরাজনৈতিক উত্তেজনা ও চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে ধাতুগুলোর চাহিদা আরো ঊর্ধ্বমুখী হয়েছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৭২ ডলার ৩৫ সেন্টে পৌঁছেছে। এ সময় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য মূল্যবান ধাতুটির দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৩৮৪ ডলার ৮০ সেন্ট, যা আগের তুলনায় ১ শতাংশ বেশি।
অনলাইন ট্রেডিং ও ব্রোকার প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘২০২৫ সালে মূল্যবান ধাতুগুলোর দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। ২০২৬ সালেও একই ধারা অব্যাহত আছে।’
২০২৫ সাল শেষে স্বর্ণের বার্ষিক দরবৃদ্ধির হার দাঁড়ায় ৬৪ শতাংশে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। ফেডের সুদহার কমানো, ভূরাজনৈতিক অস্থিতিশীলতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধি স্বর্ণের দরে ঊর্ধ্বমুখিতার পেছনে মূল ভূমিকা রেখেছে।
টিম ওয়াটারার আরো বলেন, ‘বছর শেষে বিক্রি বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম কিছুটা কমেছিল। এ অবস্থান এখন সমন্বয় করছেন বিনিয়োগকারীরা। তাই ২০২৬ সালের শুরুতেও দাম বাড়ার প্রবণতা অব্যাহত আছে।’
রুপার দাম ২০২৫ সালে বেড়েছে ১৪৭ শতাংশ, যা স্বর্ণের প্রায় ৭২ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেক বেশি। কাঠামোগত সরবরাহ ঘাটতি, যুক্তরাষ্ট্রে রুপাকে ‘ক্রিটিক্যাল মিনারেল’ হিসেবে তালিকাভুক্ত করা এবং শক্তিশালী শিল্প চাহিদা এ প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
স্পট মার্কেটে গতকাল রুপার দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৭৩ ডলার ৭৯ সেন্টে। এর আগে গত সোমবার ধাতুটির দাম আউন্সপ্রতি ৮৩ ডলার ৬২ সেন্টে পৌঁছেছিল।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট মার্কেটে গতকাল প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ২ হাজার ১০৪ ডলার ১০ সেন্টে। এছাড়া ২০২৫ সালে বিশ্ববাজারে প্লাটিনামের বার্ষিক দরবৃদ্ধির হার ছিল ১২৭ শতাংশ, যা রেকর্ড সর্বোচ্চ।
অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ১ হাজার ৬৪১ ডলার ৯২ সেন্টে। গত বছর শেষে ধাতুটির দাম বেড়েছে ৭৬ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।


