সাতক্ষীরায় ছোলার ডালের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা
সাতক্ষীরার হাটবাজারগুলোয় সপ্তাহের ব্যবধানে ছোলা বা বুটের ডাল ও আস্ত ছোলার দাম বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় প্রতি কেজিতে দাম বেড়েছে ১৫-২০ টাকা।
সাতক্ষীরার সবচেয়ে বড় বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারে সম্প্রতি ছোলার ডাল খুচরা পর্যায়ে বিক্রি হয় প্রতি কেজি ১২৫ টাকায়। আস্ত ছোলা বিক্রি হয় কেজিপ্রতি ১২০ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও ছোলার ডাল বিক্রি হয়েছে ১০৫-১১০ ও আস্ত ছোলা ১০০ টাকায়। হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে মেসার্স সরদার স্টোরের পরিচালক আব্দুল হাকিম জানান, বাজারে সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতেই ছোলার ডাল বা আস্ত ছোলার দাম বেড়েছে কেজিপ্রতি ১০-১২ টাকা। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
ভোমরা স্থলবন্দরের কৃষিপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, সম্প্রতি ভারতসহ অন্যান্য দেশে দাম বেড়েছে ছোলার। ব্যবসায়ীরা লোকসান এড়াতে পণ্যটি আমদানি কমিয়ে দিয়েছেন। এ কারণে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে।
দাম বাড়ার বিষয়ে সাতক্ষীরা জেলার কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, ডালজাতীয় ফসলের মধ্যে ছোলা ৯০ শতাংশই আমদানিনির্ভর। আমদানি খরচ বেড়ে যাওয়ায় পণ্যটির দাম কিছুটা বেড়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান লোকসান এড়াতে আমদানি কমিয়ে দিচ্ছে। এতে বাজারে দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি। যার কারণে ছোলার ডালের দাম কেজিতে ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে বাজারে সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘জেলায় ছোলা উৎপাদন একেবারে হয় না বললেই চলে। অথচ একসময় সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে কৃষক যে পরিমাণ ছোলা উৎপাদন করতেন, তা দিয়ে স্থানীয় চাহিদার একটি বড় অংশ মেটানো সম্ভব ছিল। তবে এখন সে পরিমাণ ছোলার চাষও হয় না।’


