সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি
হিলির বাজারে গতকাল সরজমিনে দেখা যায়, এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৪৫ টাকা।
দিনাজপুরের বন্দরনগরী হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
হিলির বাজারে গতকাল সরজমিনে দেখা যায়, এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৪৫ টাকা। স্থানীয় বাজারের পেঁয়াজ বিক্রেতা মমিনুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতে কৃষকরা বাজারে পেঁয়াজ ছাড়তে পারছেন না। এতে চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ বাড়ানো সম্ভব হচ্ছে না। তাই মোকামেই পেঁয়াজের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে পরিবহন ব্যয়ও। যার সরাসরি প্রভাব পড়েছে দামের ওপর। তবে আবহাওয়া ভালো হলে আর কৃষকরা বাজারে পেঁয়াজ বাজারে ছাড়তে শুরু করলে সরবরাহ যেমন বাড়বে, তেমনি দামও কমে আসবে।’


