এক ইলিশের দাম সাড়ে ১০ হাজার টাকা
গতকাল সকালে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারে নিলামে মাছটি ১০ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ। গতকাল সকালে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারে নিলামে মাছটি ১০ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মো. আলতাফ হোসেন মাছটি কিনে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিঝুম দ্বীপ ইউনিয়নের জেলে মো. রাজিব হোসেন ছয়জন মাঝিমাল্লা নিয়ে ছোট একটি ট্রলারে করে কবিরার চরের কাছে সাগরে মাছ ধরতে যান। অন্যান্য ইলিশের সঙ্গে জালে বড় আকারের এ মাছটিও ধরা পড়ে।
এনায়েত মৎস্য আড়তের মালিক এনায়েত হোসেন বলেন, ‘সকালে জেলেরা মাছটি ঘাটে নিয়ে আসেন। এত বড় ইলিশ দেখে আড়তে আসা ব্যবসায়ী ও মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়। নিলামে মাছটির দাম ১০ হাজার ৪৫০ টাকা ওঠে। পরে স্থানীয় ব্যবসায়ী আলতাফ মাছটি কিনে নেন।’


