হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫-৭ টাকা
সরবরাহ কম থাকার অজুহাতে দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫-৭ টাকা পর্যন্ত বেড়েছে।
ঈদকে সামনে রেখে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।
গতকাল হিলি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে পেঁয়াজ ২৮-৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, বর্তমানে তা ৩৫ টাকা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়তি বলে অভিযোগ করেন ক্রেতারা।
বিক্রেতাদের দাবি, বর্তমানে বাজারে মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কিছুটা কম ছিল। গত সপ্তাহে নতুন হালি পেঁয়াজ বাজারে আসায় দাম কিছুটা কমেছিল। তবে ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোয় চাহিদা বেড়েছে। এতে মোকামে চাহিদার তুলনায় পেঁয়াজ সরবরাহ কমে গেছে।
হিলি বাজারের ব্যবসায়ী শাকিল খান জানান, আড়তে প্রতি মণ পেঁয়াজের দাম ৩০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। গত সপ্তাহে ১ হাজার টাকা মণে কেনা পেঁয়াজ এখন ১ হাজার ৩০০ টাকায় কিনতে হচ্ছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কারো বিরুদ্ধে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তাকে জরিমানার আওতায় আনা হবে।


