দুই কোটি লিটার ভোজ্যতেল ও ২০ হাজার টন ডাল কিনবে সরকার
সরকার দুই কোটি লিটার ভোজ্যতেল ও ২০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ৫৩২ কোটি ২৮ লাখ টাকা।
সচিবালয়ে গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় আরো বেশকিছু ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেল ও ডাল কেনা-সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কিনতে ব্যয় হবে ১৭৯ কোটি ৫০ লাখ টাকা। চারটি প্রতিষ্ঠান থেকে এ তেল কেনা হবে। এর মধ্যে যশোরের মজুমদার রাইস ব্র্যান অয়েল মিলস থেকে ৪০ লাখ লিটার, ঢাকার মজুমদার প্রডাক্টস থেকে ৩০ লাখ লিটার, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ লাখ লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ১০ লাখ লিটার তেল কেনা হবে। প্রতি লিটার রাইস ব্র্যান তেলের দাম ধরা হয়েছে ১৭৯ টাকা ৫০ পয়সা।
অন্যদিকে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস থেকে এক কোটি লিটার পরিশোধিত পাম অয়েল কেনার অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি ৩৮ লাখ টাকা। এক্ষেত্রে প্রতি লিটার পাম অয়েলের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৩৮ পয়সা।
শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সা। তাছাড়া ঢাকার মদিনা ট্রেডিং করপোরেশন এবং রাজশাহীর বিসমিল্লাহ ডাল মিল থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে মদিনা ট্রেডিংয়ের কাছ থেকে পাঁচ হাজার টন ও বিসমিল্লাহ ডাল মিলের কাছ থেকে পাঁচ হাজার টন ডাল কেনা হবে। প্রতি কেজি ডালের দাম ধরা হয়েছে ৮৩ টাকা ৬৩ পয়সা।
গতকালের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের জন্য ‘এক্সপানশন অব কনটেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম (ফেজ-১) ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ঢাকার গ্লোবাল ব্র্যান্ড পিএলসির কাছ থেকে এটি কিনতে ব্যয় হবে ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকা। বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় পাঁচটি রিভারাইন প্যাট্রল ভেসেল ক্রয়প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ২১১ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। নারায়ণগঞ্জের দুই প্রতিষ্ঠান ডিইডব্লিউএল ও কেএসবিএল যৌথভাবে এ কার্যাদেশ পেয়েছে।


