ডেসকোকে ৪ কোটি ৫৯ লাখ শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি
তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট দেয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি এ-সংক্রান্ত সম্মতি দিয়েছে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ অনবসায়নযোগ্য নন-কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করা হবে, যার মোট মূল্য ৪৫ কোটি ৯০ লাখ টাকা।
বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সরকারের ইকুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে। এ শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট দেয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি এ-সংক্রান্ত সম্মতি দিয়েছে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ অনবসায়নযোগ্য নন-কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করা হবে, যার মোট মূল্য ৪৫ কোটি ৯০ লাখ টাকা। বাংলাদেশ সরকারের অনুকূলে শেয়ারগুলো ইস্যু করা হবে; যেখানে সরকারের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের সচিব প্রতিনিধিত্ব করবেন।
ডেসকোর এই অগ্রাধিকারমূলক শেয়া্রের বৈশিষ্ট হচ্ছে এটি অবসায়নযোগ্য নয় এবং অক্রমপুঞ্জীভূত। এর মানে হচ্ছে কোম্পানি সচল থাকা অবস্থায় এই শেয়ারে বিনিয়োগের অর্থ ফেরতযোগ্য নয় তবে কোম্পানির অবসায়নের ক্ষেত্রে অর্থ ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তাছাড়া কোনো বছরে এই শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া না গেলে সেটি ক্রমপুঞ্জীভূত হয়ে পরবর্তী বছরে যোগ হওয়ার সুযোগ নেই।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ডেসকোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৫ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৭২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯২ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ৬২ পয়সায়।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেসকোর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪। এর ৬৭ দশমিক ৬৬ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৭৮, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।


