বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে রপ্তানি শুরু
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথমবারের মতো পণ্য রপ্তানি শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় ৫০ হাজার মার্কিন ডলারের টোব্যাকো মেশিনারি বা তামাক প্রক্রিয়াজাতকরণ যন্ত্র রপ্তানির মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
এর মধ্য দিয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন চালু শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াল ১০টিতে, যার মধ্যে ৮টি ইপিজেড ও ২টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে।
বেপজা সূত্র জানায়, ‘লিজ টোব্যাকো মেশিনারি কম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান গত ৮ সেপ্টেম্বর (২০২৬) প্রথমবারের মতো এই মেশিনারি ইন্দোনেশিয়ায় রপ্তানি করে। এর আগে ৩ সেপ্টেম্বর তারা বেপজা থেকে রপ্তানি অনুমতি (এক্সপোর্ট পারমিট) পেয়েছিল। সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি বেপজার সঙ্গে জমি ইজারার চুক্তি করে।
বর্তমানে তাদের বিনিয়োগের পরিমাণ ৩৭ লাখ ২০ হাজার (৩.৭২ মিলিয়ন) ডলার। কারখানাটিতে ২৯ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এ এখন পর্যন্ত ১৮টি প্রতিষ্ঠান শিল্প প্লট বরাদ্দ পেয়েছে। এর মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করল।
বেপজা কর্তৃপক্ষ জানিয়েছে, আরো তিনটি প্রতিষ্ঠান খুব শিগগির উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করবে। বাকি ১৪টি প্রতিষ্ঠানের কারখানার নির্মাণকাজ বর্তমানে চলমান।
নতুন এই অর্থনৈতিক অঞ্চল থেকে ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে বেশ কম। এই প্রেক্ষাপটে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরু হওয়ার বিষয়টি আমাদের রপ্তানি বাজার সম্প্রসারণ ও গন্তব্য বহুমুখীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
’
উল্লেখ্য, চট্টগ্রামের মীরসরাইয়ে ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। পরে প্রশাসনিক ও পরিচালনা কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনার সুবিধার্থে বৃহৎ এই শিল্পাঞ্চলকে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল-১’ ও ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল-২’ নামে দুটি পৃথক জোনে ভাগ করা হয়। সরকার ইতিমধ্যে এই দুটি জোনকে পৃথক অর্থনৈতিক অঞ্চল হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।


