৭ মাসে রেকর্ড রেমিট্যান্স, দেশে এলো ১৯.৪৩ বিলিয়ন ডলার
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে মোট ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
এক বছর আগে একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৫৯৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার।
এদিকে সদ্যঃসমাপ্ত জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এ ছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সপ্রবাহ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


