শিরোনাম

South east bank ad

ব্যাংকগুলোকে আমানতের সুদে উৎসে কর কর্তনে সতর্কতা জারি

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলোকে আমানতের সুদে উৎসে কর কর্তনে সতর্কতা জারি

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ব্যাংক কর্তৃক আমানতের বিপরীতে পরিশোধিত সুদ বা মুনাফার ওপর উৎসে কর কর্তন এবং কর্তনকৃত কর নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে।
ব্যাংকগুলো উৎসে কর কর্তনের ক্ষেত্রে আইনানুগ হার ও বিধান যথাযথভাবে অনুসরণ না করায় পরবর্তী সময়ে কর সমন্বয় ও নিরীক্ষা কার্যক্রমে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে সঠিকভাবে কর কর্তন না করায় সরকার রাজস্ব হারাচ্ছে।

এ অবস্থায় আমানতের বিপরীতে পরিশোধিত সুদ বা মুনাফার ওপর প্রযোজ্য হারে উৎসে কর কর্তন এবং কর্তনকৃত কর যথাসময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান পরিপালনে অধিকতর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে আয়কর আইন, ২০২৩-এর ১০২ ধারা উল্লেখ করে বলা হয়, গ্রাহকের সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আমানত বা অন্য কোনো আমানতের বিপরীতে পরিশোধিত সুদ বা মুনাফার ওপর প্রাপকের ধরনভেদে প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করতে হবে।

এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর ১৪২ ধারা অনুযায়ী কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে উৎসে কর কর্তন বা সংগ্রহের হার প্রযোজ্য হারের চেয়ে ৫০ শতাংশ বেশি হবে।

উৎসে কর বিধিমালা, ২০২৩-এর ৮ ধারায় বর্ণিত নির্দেশনা অনুযায়ী কর্তনকৃত বা সংগ্রহকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত কোনো কর্তন বা সংগ্রহ হলে যে মাসে কর কর্তন বা সংগ্রহ করা হয়েছে, সেই মাসের শেষের পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

অর্থবছরের জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কোনো কর কর্তন বা সংগ্রহ করা হলে কর্তন বা সংগ্রহের তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। আর জুন মাসের অন্য কোনো দিনে কর কর্তন বা সংগ্রহ করা হলে কর্তন বা সংগ্রহের পরবর্তী দিনেই তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক কর্তৃক কর্তনকৃত উৎসে কর কোনোভাবেই উৎসে কর বিধিমালা, ২০২৩-এর ৮ ধারায় বর্ণিত সময়সীমার বেশি সময় সাধারণ লেজারে বা অন্য কোনো হিসাবে সংরক্ষণ করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার পাশাপাশি উৎসে কর কর্তনসংক্রান্ত তথ্যযথাযথভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিবরণী ও চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল নিশ্চিত করতে হবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: