ডিএসইর সাবেক সিআরও খাইরুল বাশারকে পুঁজিবাজারে নিষিদ্ধ করেছে বিএসইসি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাতটি ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে পরিদর্শন সম্পন্ন করতে ব্যর্থ হওয়া এবং দায়িত্বে চরম অবহেলার অভিযোগে এক্সচেঞ্জটির সাবেক চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদকে পুঁজিবাজারে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
বিএসইসির আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ মে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর ১৭(১) বিধি অনুযায়ী মশিহুর সিকিউরিটিজ লিমিটেডসহ সাতটি ট্রেকহোল্ডার কোম্পানি পরিদর্শনের জন্য ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছিল এবং ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। ওই সময় ডিএসইর সিআরও হিসেবে এ তদন্তের দায়িত্বে ছিলেন খাইরুল বাশার। নথিপত্র পর্যালোচনা করে কমিশন নিশ্চিত হয়েছে, তিনি দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন এবং সময়মতো পরিদর্শন শেষ করতে ব্যর্থ হয়েছেন। এ ধরনের অবহেলা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এবং সংশ্লিষ্ট বিধিমালার লঙ্ঘন।
বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, পুঁজিবাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং এ-জাতীয় অপরাধের পুনরাবৃত্তি রোধে কমিশন তাৎক্ষণিক নিয়ন্ত্রক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশন খাইরুল বাশারকে বাংলাদেশের পুঁজিবাজারসংশ্লিষ্ট কোনো ধরনের দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পুঁজিবাজারের আওতাধীন সব স্টক এক্সচেঞ্জ, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি এবং অন্যান্য সংস্থাকে খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদকে যেকোনো পদে নিয়োগ থেকে বিরত থাকার নির্দেশনা জারি করা হয়েছে। আদেশটি জারির দিন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি।


