শিরোনাম

South east bank ad

রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের জন্য বাজেট সহায়তা বাবদ ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার ছাড় করেছে।

এ ঋণের অর্থ যুক্ত হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে গতকাল ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন বা সাড়ে ৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে, যা গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে কয়েক দফায় রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর স্পর্শ করলেও এ পর্যায়ে পৌঁছায়নি। গত বৃহস্পতিবার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। মাত্র তিনদিনের ব্যবধানে এতে যোগ হয়েছে ১ বিলিয়ন ডলারেরও বেশি।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে এ প্রথম বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল।

জানা গেছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তবে পরবর্তী সময়ে আমদানি ব্যয় বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধি, বৈদেশিক লেনদেনের চাপ এবং অর্থ পাচারের অভিযোগসহ নানা কারণে রিজার্ভ দ্রুত কমতে শুরু করে।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সময় গ্রস রিজার্ভ নেমে এসেছিল ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে। একই সময়ে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল মাত্র ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। সেই নিম্নমুখী অবস্থান থেকে গত প্রায় দুই বছরে রিজার্ভে উল্লেখযোগ্য পুনরুদ্ধার হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১০ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৫ দশমিক ৫০ বিলিয়ন ডলার বা ১৯ দশমিক ৩১ শতাংশ বেশি। এর আগের অর্থবছরেও রেমিট্যান্স প্রবৃদ্ধি ছিল প্রায় ২৭ শতাংশ।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: