মিউচুয়াল ফান্ডের মুনাফা নিয়ে নির্দেশনা জারি
মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ নীতিতে বড় পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো মিউচুয়াল ফান্ড হিসাব বছর শেষে নিট মুনাফা করলেও ট্রাস্টিরা চাইলে নগদ লভ্যাংশ না দিয়ে সেই অর্থ ফান্ডের মধ্যে সংরক্ষণ করতে পারবেন। গত ১৫ জুলাই এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো মিউচুয়াল ফান্ড স্কিমের হিসাব বর্ষ সমাপ্ত হওয়ার পর যদি নিরীক্ষিত আর্থিক বিবরণীতে নিট লাভ অর্জিত হয়, তবে ট্রাস্টিরা সংশ্লিষ্ট হিসাব বিবরণী অনুমোদনের সময় নগদ লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে এক্ষেত্রে ট্রাস্টিদের এ মর্মে সন্তুষ্ট হতে হবে যে লাভের টাকা সিকিউরিটিজ বা শেয়ার বিক্রি করে নগদায়নের মাধ্যমে লভ্যাংশ হিসেবে বিতরণ করার চেয়ে স্কিমে সংরক্ষণ করা অধিক সমীচীন। এর মাধ্যমে ফান্ডের নিট সম্পদমূল্য বৃদ্ধি বিনিয়োগকারীদের সর্বোত্তম স্বার্থে বেশি ভূমিকা রাখবে।
তবে নগদ লভ্যাংশ বিতরণ না করার ক্ষেত্রে একটি বাধ্যতামূলক শর্ত জুড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। শর্তানুযায়ী, নগদ লভ্যাংশ বিতরণ না করার ফলে সংশ্লিষ্ট স্কিমের নিট সম্পদমূল্য ঠিক কী পরিমাণ বেড়েছে, সে-সম্পর্কিত একটি সুস্পষ্ট বর্ণনা ফান্ডের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীর টীকায় অবশ্যই উল্লেখ করতে হবে।


