আইসিসিবিতে সফলভাবে সম্পন্ন হলো ‘ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট ২০২৫’
জেসিআই বাংলাদেশ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-২-এ দুই দিনব্যাপী ‘ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট ২০২৫’ সফলভাবে সম্পন্ন করেছে।
শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত সামিটটিতে অংশ নেন ৫০০-এরও বেশি শিল্পপ্রধান, কূটনীতিক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কর্পোরেট নির্বাহী, উদ্যোক্তা ও তরুণ ইনোভেটররা।
‘ব্র্যান্ডিং বাংলাদেশ : ফ্রম লোকাল স্ট্রেংথ টু গ্লোবাল স্টেজ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সামিট বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে আরো জোরালো করার লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন খাতের উদ্ভাবন, সম্ভাবনা ও অগ্রগতি তুলে ধরে।
সামিটে ব্যাংকিং ও ফিনটেক, হসপিটালিটি ও লাইফস্টাইল, আইএনজিও ও ডেভেলপমেন্ট, মেড ইন বাংলাদেশ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও প্রযুক্তি—এই ছয়টি মূল খাত নিয়ে পৃথক সেক্টরভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি জেসিআই-এর দুটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম—জেসিআই ইন বিজনেস (জেআইবি) এবং জেসিআই রাইজ-এর বিশেষ আয়োজন করা হয়, যেখানে তরুণদের উদ্ভাবন ও নেতৃত্বের সাফল্য উপস্থাপন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনেই দারুসসালামের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি হাজি হারিস ওসমান। তিনি আঞ্চলিক সহযোগিতা ও যুব নেতৃত্বাধীন অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নাহিয়ান রহমান রোচি, যিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও উদ্ভাবন-বান্ধব পরিবেশের ওপর আলোকপাত করেন।
সামিটের উদ্বোধন করেন জেসিআই বাংলাদেশ জাতীয় সভাপতি কাজী ফাহাদ। তিনি সামগ্রিক জাতীয় উন্নয়ন, আন্তর্জাতিক ব্র্যান্ডিং এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে বিভিন্ন খাতের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। সামিটজুড়ে দেশি-বিদেশি বক্তারা অংশ নেন প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, টেকসই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সামিটের সফল আয়োজনের নেতৃত্ব দেন ইভেন্ট অ্যাডভাইজার তাসহীন আজিম শেজান।


