শিরোনাম

South east bank ad

উচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদন পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

উচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদন পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট

তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড ও অঙ্গপ্রতিষ্ঠান প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেডের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এ একীভূতকরণ স্কিমে উচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদন পেয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারার আওতায় দায়ের করা মামলায় গত ২৬ জানুয়ারি দেয়া চূড়ান্ত রায় ও আদেশের মাধ্যমে উচ্চ আদালত এ স্কিম অনুমোদন করে। গত ২৮ জানুয়ারি রায় ও আদেশের অনুলিপি হাতে পায় প্রিমিয়ার সিমেন্ট। এর আগে উচ্চ আদালতের নির্দেশে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয় কোম্পানিটি। আদালতের রায় ও আদেশে উল্লিখিত শর্ত ও নির্দেশনা যথাযথভাবে পূরণ হলে একীভূতকরণ স্কিম কার্যকর হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৭০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার সিমেন্টের ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫০ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার সিমেন্টের ইপিএস হয়েছে ৭ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩৭ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৭০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৩ পয়সায়।

প্রিমিয়ার সিমেন্টের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্টের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৩০ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার। এর ৪২ দশমিক ৩৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৭০, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩০ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: