ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন কার্যনির্বাহী পর্ষদ
ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি পূর্বাচলে ক্লাব প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে ঢাকা ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক ও বর্তমান নেতারাসহ বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্ষদের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার (অব.) কায়জার সোহেল আহমেদ।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এছাড়া ক্লাবের প্রেসিডেন্ট স্থপতি ইস্তিয়াক জহির তিতাস এবং পরিচালক তাহমিনা রহমান অনুও বক্তব্য দেন।
পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৬০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে ঢাকা ব্যাংক পিএলসি সার্বিক সহযোগিতা প্রদান করে। ক্যাডেট কলেজ ক্লাবের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে নবনির্বাচিত পর্ষদ অঙ্গীকার প্রকাশ করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ মিলনমেলাটি একটি আনন্দময় অনুষ্ঠানে পরিণত হয়।


