এনআরবি ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর
এনআরবি ব্যাংক পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এনআরবি ব্যাংক বলছে, এ কৌশলগত সহযোগিতার অধীনে ব্যাংকটির ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহক এবং কর্মচারীরা ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। এর মধ্যে প্যাথলজিক্যাল পরীক্ষা, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষা-নিরীক্ষা এবং শয্যা ও কক্ষ ভাড়ার মতো বিভিন্ন পরিষেবার ওপর মিলবে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্যাথলজিক্যাল সেবা দিতে বাড়ি থেকে নমুনা সংগ্রহসহ অনলাইনে চিকিৎসকের পরামর্শের মতো বিশেষ সুবিধাও পাওয়া যাবে।
এছাড়া এ অংশীদারত্বের আওতায় ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউম্যাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গাইনোকোলজি এবং পেডিয়াট্রিকসসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের কাছ থেকে বিশেষায়িত পরামর্শ গ্রহণের সুযোগ রয়েছে। সেবা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক কল সেন্টারের মাধ্যমে পরামর্শও দেয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান মো. তৌফিকুল আলম চৌধুরী, কার্ডস প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স প্রধান মো. শফিকুল হাসান। অন্যদিকে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসের পক্ষে ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনি, কাস্টমার রিলেশনস ও করপোরেট মার্কেটিং প্রধান তারেক সামি রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ও অপারেশনস বিভাগের ব্যবস্থাপনা দলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


