ব্যাংক এশিয়ার কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম
কর্মীদের কাছে মানসিক সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছ ব্যাংক এশিয়া পিএলসি।
এ উদ্যোগে সহায়তা করেছে মানসিক স্বাস্থ্য খাতে সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’। রাজধানীর কারওয়ান বাজারে মঙ্গলবার ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ব্যাংক এশিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আখতারুদ্দিন মাহমুদ। এছাড়া মানসিক স্বাস্থ্য বিষয়ে সেশন পরিচালনা করেন ‘মনের বন্ধু’র লিড সাইকোলজিক্যাল কাউন্সেলর অ্যান্ড হেড অব মেন্টাল হেলথ প্রোগ্রাম কাজী রুমানা হক এবং সিনিয়র সাইকোলজিক্যাল কাউন্সেলর মেহেদী মোবারক আমান।


