শিরোনাম

South east bank ad

সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে দুই কার্গো এলএনজি

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে দুই কার্গো এলএনজি

আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ এলএনজি আমদানিতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৩৫৬ কোটি টাকা। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আগামী ১৪-১৫ জুলাই ২০২৬ সময়ের জন্য ৩১তম কার্গো এবং ২০-২১ জুলাই ২০২৬ সময়ের জন্য ৩৩তম কার্গো এলএনজি আমদানি করা হবে। এজন্য মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ টাকা।

সুপারিশ করা দরদাতাদের মধ্যে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এবং গুনভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে।

ওই বৈঠকে দেশের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ইউরিয়া ও ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন ইউরিয়া এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে। এ সার কিনতে মোট ব্যয় হবে ৪৬৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ৬২৫ টাকা।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মসুর ডাল ও ভোজ্যতেল ক্রয়ের চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত চারটি প্রস্তাবের মোট আর্থিক মূল্য প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: