খেলাপি ঋণ আদায়ে আইনি দক্ষতা বাড়াতে গুরুত্বারোপ ব্র্যাক ব্যাংকের
খেলাপি ঋণ আদায় ও মামলা নিষ্পত্তির কার্যকারিতা বাড়াতে ঢাকা ও চট্টগ্রামে দিনব্যাপী আইনি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ‘প্র্যাকটিক্যাল কোর্ট প্রসিডিংস অ্যান্ড রিলেটেড ব্যাংকিং লজ’ শীর্ষক এ কর্মশালায় আদালতের কার্যক্রম, ব্যাংকিং আইন ও ঋণ আদায়ের আইনি কৌশল নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান কার্যালয় ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নেন। বিষয়ভিত্তিক একজন আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।
কর্মশালায় অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, সংশ্লিষ্ট ব্যাংকিং আইন, আদালতের বাস্তব কার্যক্রম, লিটিগেশন ম্যানেজমেন্ট এবং খেলাপি ঋণ আদায়ে আইনি প্রতিকারের কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার রশীদ আহমেদ এবং হেড অব লিটিগেশন ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একই বিষয়ে কর্মশালার আয়োজন করে ব্যাংকটি। সেখানে একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ প্রশিক্ষণ দেন।


