ব্যাংক খাত পুনরুদ্ধারে চার বছরের রোডম্যাপ বাংলাদেশ ব্যাংকের
দেশের ব্যাংক খাতের বিদ্যমান দুর্বলতা দূর করে স্থিতিশীলতা, সুশাসন ও জনআস্থা ফিরিয়ে আনতে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার ও পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। এ সংস্কার কার্যক্রমের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ যাচাই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বল ঋণ ব্যবস্থাপনার প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে বলেও দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক খাতের প্রকৃত অবস্থা নিরূপণ টেকসই সংস্কারের পূর্বশর্ত দাবি করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, একিউআরের ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ফল নয়; বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়মের প্রকৃত প্রতিফলন। প্রকৃত অবস্থা নির্ণয়কে টেকসই সংস্কারের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলমান উদ্যোগের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
জরুরি পদক্ষেপের মাধ্যমে ব্যাংক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সাময়িক তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোর কার্যক্রম সচল রাখতে এবং আমানতকারীদের সুরক্ষা দিতে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেয়া হয়েছে। পাশাপাশি এসব ব্যাংকে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা (রিকভারি অ্যান্ড রিস্ট্রাকচারিং প্ল্যানস) প্রণয়ন করা হয়েছে, যা আগামী চার বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনার আওতায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি রোধ করার সক্ষমতা তৈরি হবে।
ব্যাংক খাতকে দীর্ঘমেয়াদে টেকসই করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদে ব্যাংক খাতকে ঝুঁকি সহনশীল ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সহায়তা ব্যবস্থাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।
আগামী চার বছরে এসব সংস্কার সফলভাবে বাস্তবায়ন হলে ব্যাংক খাতে জনআস্থা ফিরবে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে এ খাত কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক।


