সাইবার জালিয়াতি রোধে বাড়তি সতর্কতার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
রফতানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে নথিপত্র আদান-প্রদান ও অর্থ পরিশোধের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে ব্যাংক ও রফতানিকারকদের বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় বিদেশী ক্রেতাদের কাছে সরাসরি রফতানি নথিপত্র পাঠানোর ক্ষেত্রে রফতানিকারকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তথ্য চুরি বা নথিপত্র পরিবর্তনের ঝুঁকি কমাতে অবশ্যই নিরাপদ ও সুরক্ষিত যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে।
আরো জানানো হয়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে রফতানিকারকদের যেকোনো সন্দেহজনক লিংক, অযাচাইকৃত অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়ার অনুরোধ পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি রফতানি নথিপত্রে কোনো ধরনের জালিয়াতি, অননুমোদিত পেমেন্ট নির্দেশনা পরিবর্তন বা প্রতারণার সন্দেহ দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে জানাতে বলা হয়েছে।
ব্যাংকগুলোকে বলা হয়েছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্যে বা অর্থ পরিশোধের (পেমেন্ট) নির্দেশনায় কোনো ধরনের পরিবর্তনের অনুরোধ এলে তা তাৎক্ষণিকভাবে কার্যকর না করে আগে থেকে প্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য যোগাযোগমাধ্যমের সাহায্যে আলাদাভাবে যাচাই করে নিতে হবে।


