শিরোনাম

South east bank ad

‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন

‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় প্রাথমিক পর্যায়ে আট বিভাগের আটটি জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়।

উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। কর্মসূচির পরবর্তী পর্যায়ে ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হবে, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় প্রাথমিক পর্যায়ে আট বিভাগের আটটি জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন আগ্রহী তরুণ উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনায়, ৫ হাজার ৩৫১টি। এছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬, ঝিনাইদহে ২ হাজার ১৯১, হবিগঞ্জে ১ হাজার ৫৫২, ভোলায় ১ হাজার ৫৪৫, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩ এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

কর্মসূচির পরবর্তী পর্যায়ে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১-৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় তা জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: