শিরোনাম

South east bank ad

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোতে তিন মাসের কর্মসূচি পরিচালনার নির্দেশ

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোতে তিন মাসের কর্মসূচি পরিচালনার নির্দেশ

গতকাল দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে দেশের সব ব্যাংকে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে এখন থেকে প্রতি শনিবার ব্যাংকের কার্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।


গতকাল দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে বলা হয়, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমে থাকা পানি ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এতে প্রতিদিন বিপুলসংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তাই কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষার্থে এবং জনসচেতনতা বাড়াতে ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালনের পাশাপাশি ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, ট্রেনিং সেন্টার, এটিএম বুথসহ সব ভবনের ছাদ, গ্যারেজ, এসি, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর সার্বক্ষণিক পরিষ্কার রাখারও নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে।

ব্যাংক ভবনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকাগুলোতেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে কর্মক্ষেত্র ও সংলগ্ন এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে।

এছাড়া মশক নিধনে সিটি করপোরেশন ও পৌরসভার মতো শহর বা গ্রামের পরিচ্ছন্নতায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: