স্বতঃপ্রণোদিত হয়ে পুঁজিবাজারে না এলে আইনি ক্ষমতা প্রয়োগ করা হবে
স্বেচ্ছায় পুঁজিবাজারে অন্তর্ভুক্তি না হলে নিয়ন্ত্রক সংস্থার হাতে থাকা সিকিউরিটিজ অর্ডিন্যান্সের আইনি অস্ত্র বা বাধ্যবাধকতা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।
পুঁজিবাজারের বিস্তার ও কাঠামোগত দুর্বলতা কাটাতে বহুজাতিক ও বড় প্রাইভেট কোম্পানিগুলোকে স্বতঃপ্রণোদিত হয়ে আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্বেচ্ছায় পুঁজিবাজারে অন্তর্ভুক্তি না হলে নিয়ন্ত্রক সংস্থার হাতে থাকা সিকিউরিটিজ অর্ডিন্যান্সের আইনি অস্ত্র বা বাধ্যবাধকতা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। তিনি গতকাল রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ, আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এম জামাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার তানভীর হাবিব রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এমএ রহিম, সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মারুফুর রহমান মজুমদার। আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং মো. রাশিদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, ‘‘আমরা পুঁজিবাজারের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বিশেষ করে বন্ড মার্কেটকে কাঙ্ক্ষিতভাবে গড়ে তুলতে পারিনি। আমাদের বাজারে তারল্য বা লিকুইডিটি মূলত ব্যাংক খাতের ওপর নির্ভর করে, যেখানে চেক লিখলেই টাকা তুলে নেয়া যায়, কিন্তু পুঁজিবাজারে নিজস্ব টেকসই তারল্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পুঁজিবাজারের ফোকাস কেবল আইপিওতে সীমাবদ্ধ না রেখে এমনভাবে বিকাশ ঘটাতে হবে, যাতে এটি মূলধনের সঠিক সংস্থান ও বড় প্রজেক্টে ডেট অর্থায়নের উপযুক্ত সাপোর্ট দিতে পারে।


