অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা
দেশের ব্যাংকগুলোর বিনিয়োগ তথা ঋণ বিতরণের প্রধান খাত বস্ত্র ও তৈরি পোশাক। রফতানি আয় এবং কর্মসংস্থানেরও বড় উৎস এ শিল্প খাত। মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা ও ভাংচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে বস্ত্র ও তৈরি পোশাক কারাখানার উদ্যোক্তাদের। কারখানা সচল রাখার পাশাপাশি তাদের মধ্যে ভর করেছে ঋণের কিস্তি পরিশোধের চাপও। সমান্তরালে উদ্বেগ বাড়ছে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণ দেয়া ব্যাংকারদের মধ্যেও। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে খেলাপি ঋণের ভারে বিপর্যস্ত ব্যাংক খাতের পরিস্থিতি আরো নাজুক হবে বলে মনে করছেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৪৩০ কোটি টাকা। এর মধ্যে কেবল বস্ত্র ও তৈরি পোশাক খাতেই ছিল ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯ কোটি টাকার ঋণ, যা মোট ঋণের ১৯ দশমিক ১০ শতাংশ। আগে থেকেই এ খাতে বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি, চলমান সংকট যা আরো উসকে দেয়ার ঝুঁকি তৈরি করেছে। এতে ভালো পারফরম্যান্সের ব্যাংকগুলোরও খেলাপি ঋণ বেড়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যাংক নির্বাহীরা বলছেন, দেশের ব্যাংক খাতের পরিস্থিতি এমনিতেই নাজুক। বস্ত্র ও তৈরি পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা ভালো ব্যাংকগুলোকেও এখন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে খেলাপি ঋণ আরো বেড়ে যাবে। এতে ব্যাংক খাতের পাশাপাশি দেশের অর্থনীতিও আরো ভঙ্গুর পরিস্থিতিতে পড়বে।
আর উদ্যোক্তাদের ভাষ্য হলো শ্রমিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আগামী তিন-চার মাসে উদ্যোক্তা ও ব্যাংকাররা বড় চাপের মুখোমুখি হবেন।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন মনে করেন, চলমান শ্রমিক আন্দোলন ও কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্য রফতানিতে বিলম্ব, ক্রয়াদেশ বাতিল এবং ক্রেতাদের আস্থা হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে। একবার ক্রয়াদেশ ভারত, ভিয়েতনাম বা পাকিস্তানের মতো বিকল্প উৎপাদনকারী দেশে চলে গেলে সেগুলো পুনরুদ্ধার করা কঠিন হতে পারে।
মজুরি বৃদ্ধি, উৎপাদন ব্যাহত হওয়া ও রফতানি কার্যক্রমে বিঘ্ন—তিনটি বিষয় একসঙ্গে চাপ তৈরি করছে বলে জানান মাসরুর আরেফিন। তিনি বলেন, ‘এসবের প্রভাবে দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় বাড়বে। স্বল্পমেয়াদে উৎপাদন ব্যাহত হলে ক্যাশ ফ্লো ও তারল্য সংকটে ভালো প্রতিষ্ঠানও ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়তে পারে। মধ্যমেয়াদে চলতি মূলধনের সংকট, ঋণ পরিশোধে বিলম্ব ও ব্যাংকের ঋণের মান অবনতির ঝুঁকি রয়েছে। অন্যদিকে বছরের এ সময়ে সাধারণত পরবর্তী গ্রীষ্ম মৌসুমের পোশাকের ক্রয়াদেশ চূড়ান্ত হয়। চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে বর্তমান রফতানি চালানের পাশাপাশি সামনের বছরের রফতানি ক্রয়াদেশের ওপরও প্রভাব পড়তে পারে।’
মজুরি বোর্ড গঠন ও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের সূচনা গত আগস্টের মাঝামাঝিতে। শুরুতে এ অসন্তোষের ব্যাপ্তি সীমিত থাকলেও গত ৩১ অক্টোবর তা সহিংস আন্দোলনে রূপ নেয়। প্রথমে রাজধানীর উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এরপর ধীরে ধীরে নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে দেয় সরকার। বোর্ডের সভায় সব পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলতে থাকলেও এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে।
নভেম্বরের শুরুতে শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া কারখানার সংখ্যা একদিনে ৬৯০-এ পৌঁছে যায়। বিজিএমইএর হিসাব অনুযায়ী, ১ নভেম্বর ৫২৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়। পরদিন ২ নভেম্বর বিজিএমইএর ৬৭০টি এবং বিকেএমইএর প্রায় ২০টিসহ মোট ৬৯০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। ৪ নভেম্বর এ সংখ্যা কমে প্রায় ৩৭০-এ নেমে আসে। ৫ নভেম্বর শিল্প পুলিশ সূত্রে প্রায় ১৩০টি কারখানায় উৎপাদন বন্ধ থাকার তথ্য পাওয়া যায়। এরপর ১০ নভেম্বর নতুন করে উৎপাদন বিঘ্নিত হওয়ার প্রবণতা বাড়তে থাকে। ওইদিন ১৪৬টি, ১১ নভেম্বর ১৮২টি ও ১২ নভেম্বর ২০৪টি কারখানায় উৎপাদন বন্ধ বা স্থগিত থাকে। ১৩ নভেম্বর উৎপাদনের বাইরে থাকা কারখানার সংখ্যা ২০০।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গত ১৪ নভেম্বর জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় টানা সাত থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছিল। শ্রম অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন চালাতে পারছে না, এর বাইরে ৫৫টি কারখানা শ্রম আইন ২০০৬-এর ১৩-এর ১ ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর বিজিএমইএর হিসাবে ১৫ নভেম্বর ১৩-এর ১ ধারায় কারখানা বন্ধ ছিল ৫৬টি।


