শিরোনাম

South east bank ad

পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতায় আগ্রহী এডিবি

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতায় আগ্রহী এডিবি

দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের বিকাশ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আলোচনা করেছে সংস্থাটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বিএসইসি চেয়ারম্যান দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় পুঁজিবাজারের উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশে এর ভূমিকা বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এডিবির প্রতিনিধি দল বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এডিবির সহযোগিতামূলক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেয় বিএসইসি।

বৈঠকে এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান টাকেও কোইকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় সংস্থাটির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, প্রাইভেট সেক্টর অপারেশনস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার ক্রেইগ লি রবার্টস এবং সাউথ এশিয়া ডিপার্টমেন্টের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের রিজিওনাল হেড শুজি হাশিজুমেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসইসির পক্ষে বৈঠকে কমিশনার তানভীর হাবিব রহমান এবং কমিশনার মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

BBS cable ad