বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এ সময় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচক আগের সপ্তাহের চেয়ে বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৪১৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৯ পয়েন্ট কমে ২ হাজার ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪৮ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির। আর লেনদেন হয়নি ৩১টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মতিন স্পিনিং মিল, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, ইউসিবি ও সায়হাম টেক্সটাইলের শেয়ার।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১২ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল জ্বালানি খাত। তৃতীয় অবস্থানে থাকা সাধারণ বীমা খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক ১ শতাংশ। প্রকৌশল খাত ৯ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল মোট লেনদেনের ৯ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। সবচেয়ে বেশি ৬ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সিরামিক খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ৪ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ৫ শতাংশ, সেবা খাতে ২ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে সাধারণ বীমা এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ দশমিক ৫ শতাংশ, ব্যাংক ও মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ৭ শতাংশ, পাট খাতে দশমিক ৫ শতাংশ।
সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫৬২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৪৫৩ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে দশমিক ৮৫ শতাংশ কমে ৮ হাজার ৯৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৮৭৯ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ৬৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির শেয়ারদর।


