৭ ব্যক্তির বিও হিসাব অবরুদ্ধের আদেশ প্রত্যাহার
সাত ব্যক্তির নামে পরিচালিত ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার) হিসাবের ওপর আরোপিত অবরুদ্ধ আদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে এসব হিসাবে সীমিত পরিসরে সিকিউরিটিজ লেনদেনের সুযোগ দেয়া হয়েছে। গতকাল বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, কমিশন ২০২৪ সালের ২১ আগস্ট এসব ব্যক্তির বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিল। কমিশনের ১০৩৭তম সভায় নির্দিষ্ট শর্তে অবরুদ্ধ আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
আদেশে যাদের হিসাবের ওপর থেকে অবরুদ্ধ আদেশ উঠে গেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি বিও হিসাব রয়েছে পুঁজিবাজারের বিতর্কিত বিনিয়োগকারী ও সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরুর ৩২টি। পাশাপাশি হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসানের ২৩, বোন কনিকা আফরোজের ১০, পিতা আবুল কালাম মাতবরের আট ও ভাই সাজিদ মাতবরের চারটি বিও হিসাব অবরুদ্ধের আদেশও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমানের ১১টি ও তার স্ত্রী ফেরদৌসী বেগমের পাঁচটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ প্রত্যাহার করেছে বিএসইসি।
বিও হিসাব অবরুদ্ধের আদেশ প্রত্যাহারের ক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করেছে বিএসইসি। এক্ষেত্রে আদালত, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বা অন্য কোনো উপযুক্ত সংস্থার নিষেধাজ্ঞার আওতা-বহির্ভূত থাকার শর্তে এ প্রত্যাহার কার্যকর হবে। কোনো বিও হিসাবের ক্ষেত্রে এসব সংস্থার নিষেধাজ্ঞা বলবৎ থাকলে সেই হিসাবের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না এবং ওই নিষেধাজ্ঞা যথারীতি কার্যকর থাকবে। এ বিষয়ে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রয়োজনীয় যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবে।
অবরুদ্ধ আদেশ প্রত্যাহার করা হিসাবগুলোর ক্ষেত্রে মার্জিন বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রদত্ত মার্জিন অর্থায়ন সমন্বয় করা যাবে। ট্রান্সফার, ট্রান্সমিশন ও ব্লক মার্কেট লেনদেন ছাড়া স্বাভাবিক লেনদেনও করা যাবে। তবে এসব হিসাব থেকে কোনো ধরনের অর্থ উত্তোলন বা ট্রান্সফার করা যাবে না। প্লেজ, লিয়েন ও লক-ইন অবস্থায় থাকা শেয়ারের ক্ষেত্রে এসব লেনদেনের সুযোগ প্রযোজ্য হবে না।


