যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড ওপেনিং
সানরা ইলেকট্রিক বাইকের নয়টি মডেল নিয়ে যশোরে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কচুয়া রায়মানিক গ্রামে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে ব্র্যান্ডটির অনুমোদিত পরিবেশক রিপন অটোস (প্রা.) লিমিটেড। ‘জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব, স্মার্ট গতিশীলতা—এক উজ্জ্বল ভবিষ্যৎ’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, ডিলার, ব্যাংক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে রিপন অটোসের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপুসহ অতিথিরা সানরার নয়টি মডেলের ইলেকট্রিক বাইক উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য দেন রিপন অটোস ও সানরার পরিচালক মো. আইয়াজ উদ্দিন রিপন এবং চীনের জিয়াংসু শিনরি ই-ভেহিকল কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ফ্রাঙ্ক ফ্যাং।
অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তিনির্ভর পরিবহন খাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।’ যশোরে আন্তর্জাতিক ব্র্যান্ডের এ উদ্যোগ স্থানীয় ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর টায়ার মালিক সমিতির সভাপতি কাওছার আহমদ এবং মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু।


