সম্মিলিত ইসলামী ব্যাংকের পাঁচ ব্যাংকের লিগ্যাল ও বিনিয়োগ আদায় বিভাগ একীভূত
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন পাঁচ ব্যাংকের পৃথক লিগ্যাল বিভাগ ও বিনিয়োগ আদায় বিভাগ একীভূত করে কেন্দ্রীয়ভাবে কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির পাঁচটি লিগ্যাল বিভাগ একীভূত করে একটি কেন্দ্রীয় লিগ্যাল বিভাগ এবং পাঁচটি বিনিয়োগ আদায় বিভাগ একীভূত করে একটি কেন্দ্রীয় বিনিয়োগ আদায় বিভাগ গঠন করা হয়েছে।
গতকাল রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে এসআইবিএল ইউনিটের প্রধান কার্যালয়ে একীভূত দুই বিভাগের কার্যক্রম উদ্বোধন করেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবেদুর রহমান সিকদার এবং বাংলাদেশ ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার ফিরোজ হাসান। অনুষ্ঠানে পাঁচ ব্যাংকের সংশ্লিষ্ট লিগ্যাল ও বিনিয়োগ আদায় বিভাগের প্রধান এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাজী শায়রুল হাসান বলেন, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ও সর্বোচ্চ পরিশোধিত মূলধনের ব্যাংক। সম্মিলিত প্রচেষ্টা ও দক্ষ জনশক্তির সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।’
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবেদুর রহমান সিকদার বলেন, ‘পাঁচ ব্যাংকের লিগ্যাল ও বিনিয়োগ আদায় বিভাগ একটি সমন্বিত কাঠামোর আওতায় কার্যক্রম শুরু করেছে। পাঁচ ব্যাংকের এসব বিভাগ একীভূত করা সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম ইন্টিগ্রেশন কার্যক্রম।’


