জিডব্লিউএমের গাড়ি বাজারজাত করবে এসিআই মোটরস
চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরের (জিডব্লিউএম) পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে এসিআই মোটরস লিমিটেড। এ অংশীদারত্বের আওতায়, জিডব্লিউএমের সব ধরনের যাত্রীবাহী গাড়ি বাংলাদেশে বাজারজাত করা হবে। এসিআই মোটরসের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি চীনের বাওডিংয়ে জিডব্লিউএমের গ্লোবাল হেডকোয়ার্টারে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং জিডব্লিউএম ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের হাভাল, ট্যাংক, ওরা, ওয়েই ও পাওয়ার ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করবে। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে এসইউভি, বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) ও প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশবান্ধব গাড়ি বাজারে আনার পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, আসল খুচরা যন্ত্রাংশ এবং নির্ভরযোগ্য সার্ভিস নেটওয়ার্ক নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে এসিআই মোটরস। প্রতিষ্ঠানটি তাদের দেশব্যাপী নেটওয়ার্ক ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে জিডব্লিউএমের ব্র্যান্ডগুলো প্রতিষ্ঠিত করতে চায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, জিডব্লিউএমের গ্রুপ সিইও মু, কান্ট্রি ম্যানেজার তাভি চি, এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


