প্রিয়শপের যোগ্য মার্চেন্টদের অর্থায়ন করবে এনআরবি ব্যাংক
ডিজিটাল লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রিয়শপের যোগ্য মার্চেন্ট ও ডিস্ট্রিবিউটরদের জামানতবিহীন ঋণ ও কার্যকরী মূলধন সুবিধা দেবে এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বি-টু-বি রিটেইল প্লাটফর্মটির সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে ব্যাংকটি। এর মাধ্যমে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এনআরবি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় প্রিয়শপ প্লাটফর্মে সংরক্ষিত অর্ডার, পণ্য সরবরাহ ও ডিজিটাল পেমেন্টের তথ্য ব্যবসায়ীদের ঋণযোগ্যতা যাচাইয়ে কাজে লাগানো হবে। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য কার্যকরী মূলধন ঋণ সুবিধাও পাবেন যোগ্য ব্যবসায়ীরা।
প্রিয়শপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, ‘এনআরবি ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কমার্স, বাংলা কিউআর, ব্যাংকিং ও দায়িত্বশীল ঋণসেবাকে একটি প্লাটফর্মে আনা হচ্ছে।’ ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়মিত লেনদেনের তথ্যই ভবিষ্যতে আর্থিক সেবা পাওয়ার সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি।
এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কিমিয়া সাদাত বলেন, ‘ডিজিটাল পেমেন্ট, ব্যাংকিং অবকাঠামো ও দায়িত্বশীল অর্থায়নের সমন্বয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করা হবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চুক্তির আওতায় ভবিষ্যতে কো-ব্র্যান্ডেড এসএমই বিজনেস ক্রেডিট কার্ড, সাপ্লাই চেইন ও ইনভয়েস ফাইন্যান্সিং এবং লজিস্টিকস ও ডেলিভারি কর্মীদের জন্য পে-রোল ও প্রিপেইড কার্ড চালুর পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের। পাশাপাশি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন, হিসাব খোলা ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণ করা হবে।


