আইপিও প্রক্রিয়া সহজ করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ চালু করবে বিএসইসি
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া সহজ, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এ পদ্ধতিতে আইপিও আবেদন পর্যালোচনার সময় স্টক এক্সচেঞ্জগুলো নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের পর্যবেক্ষণও বিবেচনায় নেবে। গতকাল বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপযুক্ত পর্যবেক্ষণ পর্যালোচনা করে আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ জমা দেবে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ। এতে আবেদন যাচাই-বাছাইয়ে সমন্বয় বাড়ার পাশাপাশি অনুমোদন প্রক্রিয়ায় সময় কমবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। সভায় আইপিও পর্যালোচনা পদ্ধতির পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে। তবে ২০২৬ সালে নতুন করে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির বিপরীতে একই বছর প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। নতুন এ নেগেটিভ ইক্যুইটি পরবর্তী বছরগুলোর প্রভিশন সংরক্ষণের আওতায় আনা যাবে না।
নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায়ও শর্ত দিয়েছে কমিশন। এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। তবে এ ধরনের ক্রয়ে নতুন মার্জিন ঋণ দেয়া যাবে না। প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়কালীন এসব হিসাবে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ সময় কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
এদিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ড মূল বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করতে হবে। একই সময়ের মধ্যে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।


