টয়োটা বাংলাদেশের সঙ্গে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির সমঝোতা স্মারক সই
টয়োটার গ্রাহকদের সুবিধাজনক গাড়ি ঋণ সুবিধা দিতে টয়োটা বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি টয়োটা বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন টয়োটা বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং এবং ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল আহসান। এ সমঝোতার আওতায় টয়োটার গাড়ি ক্রেতারা ইউনাইটেড ফাইন্যান্স থেকে স্বচ্ছ ও সুবিধাজনক গাড়ি ঋণ সুবিধা পাবেন।
AKIJ Board Advertisement
অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল আহসান বলেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে ইউনাইটেড ফাইন্যান্স বাংলাদেশের গ্রাহকদের অগ্রযাত্রার অংশীদার। এ অংশীদারত্ব আমাদের দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও পছন্দের গাড়ির ব্র্যান্ডের সম্মানিত গ্রাহকদের সেবা দেয়ার পথে এক ধাপ এগিয়ে নিল। এ গ্রাহকদের স্বচ্ছ ও সুবিধাজনক গাড়ি ঋণ সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত।’ স্বাক্ষর অনুষ্ঠানে টয়োটা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনো ও সৈয়দ আসিফুর রহমান এবং হেড অব সেলস শাহুদ মুস্তানসির; এবং ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনির উদ্দিন, চিফ রিস্ক অফিসার রাহাত আমজাদ ও হেড অব কার লোন মোহাম্মদ হেদায়েতুর রহমান উপস্থিত ছিলেন।


