শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে চালের দাম বেড়েছে কেজিতে ২-৭ টাকা

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গোপালগঞ্জে চালের দাম বেড়েছে কেজিতে ২-৭ টাকা

গোপালগঞ্জে আমন মৌসুমের ধান কাটা শুরু হলেও চালের দাম বেড়েছে কেজিপ্রতি ২-৭ টাকা। বাজারে নতুন ধান উঠতে শুরু করায় হাটবাজারে ধানের দাম কমলেও বেড়েছে সরু চালের দাম। তবে অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম। বিক্রেতারা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। এ কারণে দাম বেড়েছে সরু চালের।


গোপালগঞ্জ শহরের বড় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি বিআর ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৬-৫৮ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৫২-৫৫ টাকা। প্রকারভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২-৭৫ টাকায়, যা আগে ছিল ৬৫-৭০ টাকা।

অন্যদিকে বাসমতি চাল গত সপ্তাহে ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ৯০-৯৪ টাকা। হাসকি চাল গত সপ্তাহে ৫০-৫২ টাকায় বিক্রি হয়েছে। এখন তা ৫২-৫৫ টাকা। এছাড়া স্বর্ণা চাল ৪৫ টাকা ও মোটা চাল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খুচরা চাল বিক্রেতা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘বাজারে ধানের দাম বাড়েনি, বরং কমেছে। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাবে সরু চালের দাম ২-৫ টাকা বাড়লেও মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে।’

গোপালগঞ্জ শহরের পাইকারি চাল বিক্রেতা মা লক্ষ্মী চাউল ভাণ্ডারের পরিচালক মিল্টন সিকদার বলেন, ‘আমরা ৪৫টি জাতের চাল বিক্রি করি। এর মধ্যে মাত্র চার-পাঁচটি জাতের চালের দাম সামান্য বেড়েছে। বাকি ৪০ জাতের চালের বাজার অপরিবর্তিত রয়েছে।’

ইলমা চাল ভাণ্ডারের মালিক রুবেল মোল্লা বলেন, ‘মিল মালিকরা সরু চালের ২৫ কেজির বস্তায় ২৫-১০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন। এ কারণে বাজারে সরু চালের দাম বেড়েছে।’

গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন বণিক বার্তাকে জানান, ‘বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কোনো ঘাটতি নেই। ব্যবসায়ীদের অভিযোগ, মোকামে সরু চালের দাম সামান্য বেড়েছে। আমরা বিষয়টি তদারক করছি। সেই সঙ্গে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছি।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: