ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি, মোদির সঙ্গে সাক্ষাৎ
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতে ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টার প্রকল্পে ৩ ট্রিলিয়ন রুপি বা ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে 'এয়ারট্রাঙ্ক'। বাংলাদেশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নেয়ার রবিন খুদা প্রতিষ্ঠিত এবং মার্কিন প্রাইভেট ইক্যুইটি ফার্ম ব্ল্যাকস্টোন সমর্থিত এই প্রতিষ্ঠানটি সম্প্রতি এই বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
এ বিনিয়োগের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন রবিন। বৈঠকের পরেই এই ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এয়ারট্রাঙ্ক ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা তৈরির পরিকল্পনা করেছে। এই বিনিয়োগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী মোদী জানান, এই ধরনের উদ্যোগ ক্লাউড কম্পিউটিং এবং এআইয়ের বৈশ্বিক হাব হিসেবে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
পাশাপাশি এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সাপ্লাই চেইনকে সহায়তা এবং উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এয়ারট্রাঙ্কের পরিকল্পিত এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি গড়ে উঠবে মহারাষ্ট্রে। চলতি সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, এয়ারট্রাঙ্ক রাজ্যে প্রায় ২ ট্রিলিয়ন রুপি ব্যয়ে তিন গিগাওয়াট সক্ষমতার একটি ডেটা সেন্টার হাব তৈরি করবে। মুম্বাইয়ের উপকণ্ঠে রায়গড়ে এই মেগা প্রকল্পের জন্য জমি কিনতে সিডনিভিত্তিক কোম্পানিটি এরই মধ্যে সম্মতিপত্রে (লেটার অব ইনটেন্ট) স্বাক্ষর করেছে।
ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এয়ারট্রাঙ্কের সিইও রবিন খুদা জানান, ভবিষ্যতের চাহিদার বিশালতার সাথে তাদের লক্ষ্যমাত্রার মিল রয়েছে এমন কয়েকটি বাজারের মধ্যে ভারত অন্যতম। তিনি উল্লেখ করেন, বিশাল জনসংখ্যার আকার, ডিজিটাল প্রযুক্তির দ্রুত গ্রহণ এবং এআই নিয়ে ভারতের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, তা বিশ্বে অনন্য। উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে গত এপ্রিলে মুম্বাইভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার 'লুমিনা ক্লাউডইনফ্রা' অধিগ্রহণ করে এয়ারট্রাঙ্ক। এই অধিগ্রহণের মাধ্যমে ভারতজুড়ে আরও ৬০০ মেগাওয়াট সক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।


