সূচকে ঊর্ধ্বমুখিতা পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২০ শতাংশ
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ২০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৪২ কোটি টাকা, এর আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৪৪ কোটি টাকা। এছাড়া গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে সূচকও আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও গত সপ্তাহে লেনদেন ও সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৫০৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৮৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৭৪ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২২০টির ও অপরিবর্তিত ছিল ৪২টির। আর লেনদেন হয়নি ৩০টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক ও যমুনা ব্যাংকের শেয়ার।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৪ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক ৫ শতাংশ। কয়লা ও জ্বালানি খাত ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। সবচেয়ে বেশি ৫ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে। এছাড়া সাধারণ বীমা খাতে ১ দশমিক ৮ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ৫ ও খাদ্য খাতে ১ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ইতিবাচক রিটার্ন এসেছে সিরামিক খাতে ৪ দশমিক ৯ শতাংশ, ব্যাংক খাতে ২ দশমিক ৯ শতাংশ, বিবিধ খাতে ২ দশমিক ৫ শতাংশ।
সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১৪ হাজার ৮৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৭৩১ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৯ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ৬৫ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ১৩৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির শেয়ারদর।


