অক্টোবরে বিশ্বজুড়ে ইস্পাত উৎপাদন কমেছে ১.১ শতাংশ
বিশ্বজুড়ে কমেছে অপরিশোধিত ইস্পাত উৎপাদন। গত অক্টোবরে উৎপাদন কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনে উৎপাদন কমে যাওয়ায় বিশ্বব্যাপী এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে ভারত, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মতো কয়েকটি বড় উৎপাদনকারী দেশে উৎপাদন বেড়েছে। খবর আনাদোলু এজেন্সি।
ওয়ার্ল্ডস্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ডস্টিল) মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে বিশ্বের ৭০টি দেশে মোট ১৪ কোটি ২৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এর মধ্যে চীনে হয়েছে ৭ কোটি ৮ লাখ টন। আগের বছরের একই মাসের তুলনায় দেশটির উৎপাদন কমেছে ১ দশমিক ৬ শতাংশ। অক্টোবরে বিশ্বে মোট উৎপাদিত ইস্পাতের প্রায় অর্ধেকই এসেছে চীন থেকে। চলতি বছরের প্রথম ১০ মাসেও দেশটির উৎপাদন কমে ৭৯ কোটি ৫৬ লাখ টনে দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এটি ২ দশমিক ৮ শতাংশ কম।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ ভারতে গত মাসে উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। এ সময়ে উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৪৫ লাখ টন। যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। দেশটি উৎপাদন করেছে ৭৫ লাখ টন।
অন্যদিকে জাপানের উৎপাদন ২ দশমিক ৩ শতাংশ কমে ৬৭ লাখ টনে দাঁড়িয়েছে। রাশিয়ায় উৎপাদন আনুমানিক ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৪ লাখ টন হয়েছে। দক্ষিণ কোরিয়ায় উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। দেশটি অক্টোবরে ৫৩ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে।
তুরস্কে গত অক্টোবরে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩৪ লাখ টনে দাঁড়িয়েছে। এ সময়ে বিশ্বের সপ্তম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ ছিল তুরস্ক।
শীর্ষ ১০ উৎপাদনকারী দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ভিয়েতনামে। দেশটির উৎপাদন ২৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ২৭ লাখ টনে দাঁড়িয়েছে। তবে জার্মানিতে উৎপাদন ৯ দশমিক ৬ শতাংশ কমে ২৮ লাখ টন হয়েছে। ব্রাজিলেও উৎপাদন কমেছে ৫ দশমিক ৪ শতাংশ। দেশটি উৎপাদন করেছে ২৮ লাখ টন।
অঞ্চলভিত্তিক হিসাবে অক্টোবরে সবচেয়ে বেশি উৎপাদন কমেছে মধ্যপ্রাচ্যে। এ অঞ্চলে ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৭ শতাংশ কমে ৩৯ লাখ টনে নেমেছে। ইউরোপীয় ইউনিয়নেও (ইইউ) উৎপাদন ৪ শতাংশ কমে ১ কোটি ৫ লাখ টন হয়েছে। তবে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে উৎপাদন প্রায় অপরিবর্তিত থেকে ১০ কোটি ২৭ লাখ টন হয়েছে।
উত্তর আমেরিকায় উৎপাদন ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৭ লাখ টন এবং আফ্রিকায় ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে ২১ লাখ টনে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডস্টিলের তথ্যানুযায়ী, গত জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ৭০টি দেশে মোট ১৫১ কোটি টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। ২০২৫ সালে বিশ্বের মোট ইস্পাত উৎপাদনের প্রায় ৯৮ শতাংশই এসেছিল এসব দেশ থেকে।


