ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিকাশের এক্সপেরিয়েন্স জোন চালু
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ক্যাশলেস লেনদেন সেবাকে আরো সহজ ও নিরবচ্ছিন্ন করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ। ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই প্রয়োজনীয় সব বিকাশ সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটাসহ সব ধরনের লেনদেন বিকাশের মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি করতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
এমএফএস প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক্সপেরিয়েন্স জোনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর।
বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে সেবা দিতে স্থাপিত এ জোন থেকে ক্যাশ ইন, ক্যাশ আউট, হিসাব খোলা, সঞ্চয়, ক্ষুদ্র ঋণ ও প্রবাসী আয় গ্রহণসহ বিকাশ হিসাব-সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে। পাশাপাশি পিন পুনর্নির্ধারণ, হিসাব সচল করা, গ্রাহকতথ্য হালনাগাদ ও হিসাব বিবরণী সংগ্রহের সুবিধাও থাকবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, ‘ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেমিস্টার ফিসহ ক্যাম্পাসের সব ধরনের লেনদেন ডিজিটাল ব্যবস্থায় আনতে বিকাশের সঙ্গে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।’ শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ক্যাশলেস ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে কার্যকর উদাহরণ হয়ে উঠবে।’
এমওইউ অনুযায়ী, শিক্ষার্থীরা সেমিস্টার ফি, গ্রন্থাগার, পরীক্ষাগার, কার্যক্রম ও যাতায়াত ফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বিকাশে পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও স্টেশনারি দোকানের কেনাকাটার মূল্যও দেয়া যাবে এর মাধ্যমে। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমার পাশাপাশি ক্যাম্পাসের আর্থিক লেনদেন সহজ ও দ্রুত হবে।


