ব্র্যাক ব্যাংকের সঙ্গে প্রজেক্ট টুমরোর চু্ক্তি সই
বেসরকারি খাতের প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার জন্য সমন্বিত ডিজিটাল, আর্থিক ও প্রযুক্তিনির্ভর সেবা উদ্ভাবনের লক্ষ্যে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির ফলে করপোরেট ও ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রাইজ ফাইন্যান্সিয়াল সলিউশনে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হবে প্রজেক্ট টুমরো সফটওয়্যারের বৃহৎ পরিসরে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও প্রযুক্তি প্লাটফর্ম তৈরির সক্ষমতা। প্রতিষ্ঠান দুটি মূলত বিজনেস টু বিজনেস (বিটুবি), বিজনেস টু গভর্নমেন্ট (বিটুজি) এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে যৌথভাবে কাজ করার নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবে।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসকেএম শরিফুল আলম এবং ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিংয়ের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে নিজেদের এন্টারপ্রাইজ ব্যাংকিং সক্ষমতা আরো শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। আর্থিক খাতের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠান দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আরো কার্যকর ও সমন্বিত সেবা তৈরি করবে, যা দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


