অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা
অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৪ নভেম্বর খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার সমন্বয়ে যশোরের একটি স্থানীয় হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
AKIJ Ceramics Advertisement
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ। এতে অর্থ পাচার প্রতিরোধ বিভাগের প্রধান ও উপব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস অর্থ পাচার প্রতিরোধবিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেডভিত্তিক ও ঋণভিত্তিক অর্থ পাচার বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ, জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জসহ মোট ৬২ জন অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাফর ছাদেক বলেন, ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বর্তমানে শুধু কোনো একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নয়, বরং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ। অবৈধভাবে অর্জিত অর্থকে বৈধ হিসেবে উপস্থাপনের মাধ্যমে অপরাধীরা আর্থিক ব্যবস্থার অপব্যবহার করছে। এতে দেশের অর্থনৈতিক শৃঙ্খলা, বিনিয়োগ পরিবেশ, সুশাসন এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ব্যাংক খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই অর্থ পাচার প্রতিরোধে ব্যাংকগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং চ্যানেল যাতে অবৈধ অর্থের লেনদেন কিংবা সন্ত্রাসে অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা ব্যাংকগুলোর নৈতিক, পেশাগত ও আইনগত দায়িত্ব।’
সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে ডিজিটাল হুন্ডি, অনলাইন গেমিং ও বেটিং, অনলাইন জুয়া, অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ পাচারের প্রবণতা দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এসব কার্যক্রম প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


