শিরোনাম

South east bank ad

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

দেশের মোট চাহিদার এক-চতুর্থাংশেরও বেশি পণ্য চীন থেকে আমদানি করা হয়। বিপরীতে দেশটিতে বাংলাদেশের রফতানি ২ শতাংশেরও কম। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ২০-২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তাই ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।


রাজধানীর একটি হোটেলে গতকাল ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ঢাকার চীনা দূতাবাসের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে এবং ১৮ দশমিক ৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রে গেলেও চীনে এর পরিমাণ মাত্র ১ দশমিক ৭১ শতাংশ। এ পরিস্থিতি থেকে উত্তরণে শুধু পণ্য আমদানি-রফতানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সীমাবদ্ধ না রেখে যৌথ বিনিয়োগ, সংস্কৃতি, প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে হবে। চীনা উদ্যোক্তারা বাংলাদেশে কারখানা স্থাপন করে এ দেশের ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি ও বাজারসুবিধা কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রফতানি করতে পারেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস হাবে রূপান্তর করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো আরো একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণ করার প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রে চীন এগিয়ে আসতে পারে। এমনকি আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মায়েরস্কের আদলে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে একটি শিপিং ও লজিস্টিকস কোম্পানিও প্রতিষ্ঠা করা যেতে পারে।’

আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘এ করিডোর বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সমুদ্রপথে কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপন করা গেলে একটি কার্যকর আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা সম্ভব।’ তবে এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ তার জাতীয় স্বার্থে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি।

এ করিডোরকে কেবল অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হিসেবে না দেখে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও কার্যকর সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন বলেও মনে করেন ইসমাইল জবিউল্লাহ। সেমিনারে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, ‘শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নেয়া সম্ভব। এক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণ হবে।’

সেমিনারে আরো বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: