জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ : আকিজ এগ্রো ফিড
জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে পুরস্কার নেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিড লিমিটেডের হেড অব অপারেশনস মো. শাহীন শরীফ, হেড অব প্লান্ট ইঞ্জি. মো. আবদুল হাকিম এবং আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন, আকিজ এগ্রো ফিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পদক অর্জনের প্রতিক্রিয়ায় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ অর্জন।’ আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম হাবিব উল্লাহ বলেন, ‘এ স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে।’


