শিরোনাম

South east bank ad

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ থেকে বেড়ে ২০৭ টাকা হয়েছে। আর খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ টাকায়। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। খোলা পাম অয়েল আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকায় বিক্রি হবে।


বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুদ পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে তা সমন্বয় করা হয়নি। ফলে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আসন্ন রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: